তাসনিম জারার পদত্যাগের পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তাঁর স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্ব পালন করতেন।
বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে লেখা এক চিঠিতে খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, “আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।” চিঠিতে তিনি আর কিছু উল্লেখ করেননি। একই চিঠির একটি অনুলিপি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার বিকেলে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এর আগের দিন এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব এবং ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী ছিলেন। পদত্যাগের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা ও স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়ায় তাসনিম জারার সঙ্গে ছিলেন খালেদ সাইফুল্লাহ। খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন।
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা নিয়ে এখন পর্যন্ত তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহসহ অন্তত আটজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। এছাড়া অন্তত পাঁচজন নেত্রী এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন, যাদের মধ্যে দুজন এনসিপির মনোনীত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।





